ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

পেনাল্টি মিস করার পর কী ভেবেছিলেন মেসি?

পেনাল্টি মিস করার পর কী ভেবেছিলেন মেসি?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৫:৪৭ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ১৬:৪৭

রোমাঞ্চ, উত্তেজনা আর নাটকীয়তায় ভরা ম্যাচে মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। ৩ গোলের মধ্যে লিওনেল মেসি নিজে একটি করেছেন, আরেকটি করিয়েছেন। এরপরও ম্যাচের শুরুতে পেনাল্টি মিসের আক্ষেপ কাটেনি তার। আটলান্টায় মিসরের বিপক্ষে ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মঙ্গলবার রাতে আটালান্টায় ম্যাচের শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়ে আর্জেন্টিনা। ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিসর। তবে মাত্র ৪ মিনিটের ব্যবধানে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি মেসি। তার নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন মিসরের গোলকিপার মোস্তফা শোবের।

পেনাল্টি মিস করার পর মেসি ভেবেছিলেন, এটাই হয়তো দলকে হারিয়ে দেবে। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘পেনাল্টি মিস করার পর আমি ভীষণ রেগে গিয়েছিলাম নিজের ওপর। যেভাবে আমি শটটা নিয়েছি, তাতে আমার মনে হচ্ছিল, আমি পুরো দলকে ডুবিয়ে দিলাম।’

বিশ্বকাপে এটি ছিল মেসির অষ্টম পেনাল্টি। এর মধ্যে চারটিতে গোল করতে ব্যর্থ হন তিনি। একই সঙ্গে (টাইব্রেকার বাদে) বিশ্বকাপের এক আসরে দুটি পেনাল্টি মিস করা প্রথম ফুটবলার হিসেবেও নিজের নাম লেখান আর্জেন্টাইন অধিনায়ক।

এদিন ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় তুলে নেয় তারা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। সেমিফাইনালের মিশনে আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

মেসি বলেন, ‘২-০ গোলে পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়ানো সহজ নয়। পরবর্তী রাউন্ডে যেতে পেরে আমি খুশি এবং যেভাবে আমরা এটা করেছি তা নিয়েও। ২-০ হওয়ার পর পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছিল এবং আবারও ম্যাচটি নিজেদের দিকে ঘুরিয়ে নেওয়াটা অনেক রোমাঞ্চকর যাত্রা ছিল।’

এই ম্যাচে জয়ের মাধ্যমে ইতিহাসও গড়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার দুই বা তার বেশি গোলে পিছিয়ে থেকেও জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তেরা। দলের এই মানসিকতার প্রশংসা করে মেসি বলেন, ‘এই দলটা আরও একবার প্রমাণ করেছে, যা আমি অনেকবার বলেছি। আমি ওদের চিনি, জানি তারা কীভাবে কাজ করে। এই দল লড়াই করতে জানে, বিশ্বাস রাখতে জানে। ওদের পাশে থাকাটা আমার জন্য সম্মানের। আমরা যেকোনো দলের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত।’

আরও পড়ুন

×