লোহাগাড়ায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, তলিয়ে গেছে সড়ক
টানা বর্ষণ অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। ছবি: সমকাল
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৬:৫৯ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ১৭:২৯
চট্টগ্রামের লোহাগাড়ায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে নিচু এলাকা, বসতবাড়ি, কৃষিজমি ও গ্রামীণ সড়ক তলিয়ে গিয়ে হাজারো মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।
বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পানি বাড়তে থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
এলাকাবাসী জানায়, টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নেমে খাল-বিল, ছড়া ও নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। এতে আধুনগর, চুনতি, বড়হাতিয়া, পুটিবিলা, কলাউজান, চরম্বা ও আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়।
সরেজমিনে দেখা যায়, আধুনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজির আহমদ শাহ পাড়া সড়কটি সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। একই ওয়ার্ডের ওজা পাড়ায় আবদুল লতিফ ও আবদুল বারির মাটির বসতঘর ভেঙে গেছে। ডলু নদীর তীব্র স্রোতে ৩ নম্বর ওয়ার্ডের সরদানি পাড়া সড়কও ভেঙে গেছে। এছাড়া ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়ার খাল উপচে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।
লোহাগাড়া সদর ইউনিয়নের পুরাতন থানা সড়ক, দরবেশহাট ডিসি সড়ক এবং পোস্ট অফিসের দক্ষিণের সড়ক পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও কোমরসমান পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, তার ইউনিয়নের ৮ থেকে ৯টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এছাড়া ৫ থেকে ৬টি গ্রামীণ সড়ক তলিয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজীদ বিন আখন্দ বলেন, পরিস্থিতি মোকাবিলায় মনিটরিং সেল গঠন করা হয়েছে। জরুরি প্রয়োজনে বুথ খোলা হয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য টিম প্রস্তুত রয়েছে। বিশেষ করে ডলু ও হাঙ্গর নদীর পাশের গ্রামগুলো বেশি প্লাবিত হয়েছে।
- বিষয় :
- টানা বর্ষণ
- পাহাড়ি ঢল
- প্লাবিত
- দুর্ভোগ