ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

বঙ্গোপসাগরে দুই ট্রলারডুবিতে নিখোঁজ ২, উদ্ধার ১৬ জেলে

বঙ্গোপসাগরে দুই ট্রলারডুবিতে নিখোঁজ ২, উদ্ধার ১৬ জেলে
×

বঙ্গোপসাগরে দুই ট্রলারডুবিতে নিখোঁজ ২। ছবি- সমকাল

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৮:২১

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের ঢেউয়ের কবলে পড়ে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে ১৮ জেলেসহ দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও দুই জেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা কালাম পাইকার ও শহীদ।

উদ্ধার হওয়া জেলেরা হলেন— খলিল, হৃদয় জমাদ্দার, দুলাল, ইমরান, ফারুক, আল-আমিন, মনির, আশরাফুল, জামাল, ইমরান, শামিম, নাসির, সাগর, আছিফ, নাসির ও নুরুজ্জামান। তারা সবাই একই ইউনিয়নের বাসিন্দা। 

উদ্ধার হওয়া জেলে নাসির জানান, মঙ্গলবার সকালে তালতলীর ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে দুটি ট্রলার ইলিশ শিকারের উদ্দেশ্যে সাগরে যায়। তপন জমাদ্দারের মালিকানাধীন একটি ট্রলারে ১৩ জন এবং আলমগীর খলিফার মালিকানাধীন অপর ট্রলারে পাঁচজন জেলে ছিলেন।

তিনি বলেন, রাতে হঠাৎ সাগর উত্তাল হয়ে ওঠে। প্রচণ্ড ঢেউয়ের আঘাতে প্রথমে আলমগীর খলিফার ট্রলারটি ডুবে যায়। তখন ওই ট্রলারের জেলেরা সাঁতরে তপন জমাদ্দারের ট্রলারে আশ্রয় নেন। কিন্তু কিছুক্ষণ পর তীব্র ঢেউয়ের আঘাতে দ্বিতীয় ট্রলারটিও ডুবে গেলে সবাই সাগরে ভাসতে থাকেন। পরে রাত ৩টার দিকে অন্য একটি মাছ ধরার ট্রলার ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করে পটুয়াখালীর মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে এখনও দুই জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান ফরাজী বলেন, দুর্ঘটনার পর ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে প্রশাসনের পাশাপাশি ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

তালতলী কোস্ট গার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার আশরাফুল আলম বলেন, সাগর এখনও উত্তাল থাকায় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। আবহাওয়া অনুকূলে এলে অভিযান শুরু করা হবে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড ও নৌ-পুলিশকে অবহিত করা হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতায় কিছুটা বেগ পেতে হচ্ছে।

আরও পড়ুন

×