ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২০ | ০০:৫২

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ইউসুফ আলী (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ইউসুফের মৃত্যু হয়।

ইউসুফ বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের এক কমিউনিটি সেন্টারের ম্যানেজার ও চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হাজীপুর এলাকার নূর মোহাম্মদের ছেলে। 

এ নিয়ে গত পাঁচদিনে করোনা উপসর্গ নিয়ে এক নারী ও এক মাদ্রাসাছাত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। 

নোয়াখালী জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রোববার বিকেল ৩টার দিকে ওই যুবক জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির পর এক্সরে করার পর তাকে দ্রুত ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তার পরিবারের লোকজন তাকে না নিয়ে হাসপাতালেই রাখেন। পরে রাত ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। 

উল্লেখ, ইউসুফ ছাড়া গত পাঁচদিনে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুই জন। গত ৩০ এপ্রিল নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নোয়াখালীর সদর উপজেলার করমুল্যা এলাকার বাসিন্দা রোকসানা আক্তার (১৭)। ৩ মে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে নানার বাড়িতে মারা গেছেন মাদ্রাসাছাত্রী সামিয়া আক্তার (১৩)। তার বাড়ী জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলি গ্রামে। 

নোয়াখালী সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান জানান, জেলায় এ পর্যন্ত ১৬ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪ জন নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের আসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে। এ হাসপাতালে কর্মরত এক স্বাস্থ্য কর্মীর (ওয়ার্ড বয়) করোনা শনাক্ত হওয়ার পর কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীসহ ২০ জনকে কোরেন্টাইনে রাখা হয়েছে। তাদের পরিবর্তে নতুন টিম কাজে যোগ দিয়েছে। 



আরও পড়ুন

×