ঈশ্বরদীতে ড্রেন বন্ধ করায় সড়কে জলাবদ্ধতা
বৃষ্টি হলেই সড়কে জমছে পানি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২০ | ০২:৪২
ব্যক্তিগত প্রয়োজনে রাস্তার পাশে বালু রাখার কারণে ও ড্রেনের মুখ বন্ধ করে দেওয়ায় ঈশ্বরদীতে একটি সড়কে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত ১৫ দিন ধরে দুটি মার্কেট, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও স্থানীয় বাসিন্দা ও এলাকাবাসী এই জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালেও কোনো ফল পাননি বলে অভিযোগ এলাকাবাসীর।
ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন ও পাবনা-পাকশী আঞ্চলিক মহাসড়কের নতুনহাট গোলচত্বর ও নতুন হাট মোড়ের সঙ্গে সংযোগ ও যোগাযোগের একমাত্র এই রাস্তায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
রাস্তার উত্তর দিকের বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, এই রাস্তার পানি নিষ্কাশনের ড্রেনের মুখ ঢালাই করে বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ মন্ডল নামের এক ব্যক্তি। তিনি তার নিজের প্রয়োজনে সরকারি রাস্তা ঘেঁষে কয়েক ট্রাক বালু স্তুপ করে রাখার কারণে এই রাস্তার পানি নিষ্কাশনের পথও বন্ধ হয়ে গেছে।
এই রাস্তার প্রায় ৩৫-৪০ ফুট অংশ স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। এতে এই রাস্তার দুপাশে দুটি মার্কেট, ব্যাংক, দোকানপাট ছাড়াও বসবাসকারী বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। সামান্য বৃষ্টিতে এ রাস্তায় এখন হাঁটু পানি জমে যায়। সবসময় রাস্তায় পানি জমে থাকার কারণে চলাচলে চরম দুর্ভোগে পড়ছেন মানুষ।
এ বিষয়ে আব্দুল লতিফ মন্ডল বালু স্তুপ করে রাখা ও ড্রেন বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করে বলেন, রাস্তার পানি আমার জমিতে আসার কারণে আমি ড্রেনের মুখ বন্ধ করে দিয়েছি।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান জানান, এলাকাবাসীর কাছ থেকে বিষয়টি আমি শুনেছি। উপজেলা প্রকৌশলীর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।