নোয়াখালী মেডিকেল কলেজ ও নোবিপ্রবি ল্যাবে প্রথম করোনা রোগী শনাক্ত
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২০ | ০৫:৫২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নোয়াখালী আব্দুল মালেক উকিল সরকারি মেডিকেল কলেজ ও নোবিপ্রবি পিসি ল্যাবে মঙ্গলবার প্রথম একজন করে দুই ল্যাবে দুইজন রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের বয়স ৪০ ও ৫৫ বছর। তাদের দুই জনের বাড়ি নোয়াখালী পৌরসভার সোনাপুর ও মাইজদী বাজারে। নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের লোকজন আক্রান্তদের বাড়ি লকডাউন করে দিয়েছে। আক্রান্ত ব্যক্তিরা ইতোমধ্যে কোন কোন এলাকায় গিয়েছেন এবং কাদের সংস্পর্শে এসেছেন তাদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।
নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের নেপ্রোলজি বিভাগের (কিডনি) সহকারি অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী খান বলেন, মঙ্গলবার মেডিকেল কলেজ ল্যাবে ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে হোমকোয়ারেন্টাইনে রয়েছেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর জানান, বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি বিভাগের ৬ষ্ঠ তলায় স্থাপিত পিসি ল্যাবে মঙ্গলবার ১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
এতদিন নোয়াখালী থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম পরীক্ষা করা হতো। সোমবার থেকে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত পিসি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়। প্রতিটি ল্যাবে দৈনিক ৯৬ জনের নমুনা পরীক্ষা করা যাচ্ছে। এ ল্যাবগুলোতে মঙ্গলবার পর্যন্ত ৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে ২ জনের নমুনা পরীক্ষা পজেটিভ আসে।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান বলেন, আক্রান্ত ২ ব্যক্তির শরীরে কিভাবে জীবানু ছড়ালো তার অনুসন্ধান চলছে। মঙ্গলবার পর্যন্ত জেলার ৯টি উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫৮ জন।