ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরিস্থিতির উন্নতি, ৩ দিনে আক্রান্ত নেই
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১২ মে ২০২০ | ০৯:৪৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরিস্থিতির উন্নতি হতে চলছে। গত তিন দিনে যে ৩০৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে তাদের কারোর শরীরেই করোনা শনাক্ত হয়নি।
এছাড়া জেলায় আক্রান্ত ৬০ জনের মধ্যে ৩৬ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বক্ষব্যধি হাসপাতালের আইসোলেশনে রয়েছেন ১৭ জন, যার মধ্যে এক পরিবারেই ১০ জন। করোনা পরিস্থিতির শুরুর দিকে জেলায় দুই জন মারা যায়। সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরিস্থিতির উন্নতি হতে চলছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাজার ২৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে এক হাজার ৯০০ জনের নমুনা ফলাফল পাওয়া গেছে। গত ১০, ১১ ও ১২ মে আসা ৩০৬ জনের ফলাফলে কারো করোনা পজেটিভ আসেনি।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলায় আক্রান্ত ১৪ জনের মধ্যে ১৩ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন একজন। সরাইলে আক্রান্ত একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নবীনগরের ১৬ জনের মধ্যে পাঁচজন, সদরের চারজনের মধ্যে দুইজন, বিজয়নগরের নয়জনের মধ্যে সাতজন, বাঞ্ছারামপুরের ছয়জনের মধ্যে একজন সুস্থ হয়েছেন। এছাড়া নাসিরনগরের নয়জনের মধ্যে সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন একজন।