চরফ্যাসনে চাল আত্মসাত, মেম্বার বরখাস্ত
গ্রেফতার ইউপি সদস্য (মেম্বার) কামাল হোসেন- সমকাল
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২০ | ১০:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চরফ্যাসনে সরকারি চাল আত্মসাতের ঘটনায় দুলারহাট থানার আহমদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহামুদের নেতৃত্বে অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দুলারহাট থানা পুলিশ মেম্বার কামাল হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার বসতঘর থেকে জেলেদের পূর্নবাসনের জন্য বরাদ্দকৃত ৫ বস্তা সরকারি চাল ও ১১টি খালিবস্তা উদ্ধার করা হয় । এ ঘটনায় ওই রাতেই কামাল হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। দুলারহাট থানায় দায়ের করা পরদিন শুক্রবার তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। তিনি বর্তমানে জেল হাজতে আছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের থেকে পাঠানো এক চিঠিতে ইউপি সদস্য কামাল হোসেনকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।