যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৪
ফাইল ছবি
হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ: ১৬ মার্চ ২০২৪ | ২১:৫২
ময়মনসিংহের ধোবাউড়ায় আধিপত্য বিস্তার নিয়ে লাক মিয়া (২৬) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার গোয়াতলা বাজার মসজিদ রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে।
লাক মিয়া গোয়াতলা ইউনিয়নের পাথাইলগাঁও গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং গোয়াতলা ইউপি যুবলীগের কর্মী। আটক ব্যক্তিরা হলো– নাজমুল আমিন মুক্তা, এমদাদুল, আকিকুল ও আল আমিন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াতলা গ্রামের বড় বাড়ির কিছু লোক ও পাথাইলগাঁও গ্রামের লাক মিয়ার পরিবারের মধ্যে সীমান্তে চোরাচালান, চিনির ব্যবসা, আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রত্যক্ষদর্শী দুলাল মিয়া জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন। লাক মিয়া ভারতীয় চিনি চোরাচালানে বাধা দিতে চাইলে ১০ থেকে ১৫ জন যুবক তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। মুক্তাকে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকতে দেখেছি। পরে লাক মিয়াকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
নাজমুল আমিন মুক্তার স্ত্রী বলেন, রাত ৩টার দিকে পুলিশ কোনো ওয়ারেন্ট পেপার ছাড়াই আমার স্বামীকে তুলে নিয়ে যায়। লাক মিয়ার বাবা বলেন, সীমান্ত দিয়ে ভারতের চিনি আসে। আমার ছেলে রাতে এসব অবৈধ কাজে বাধা দিলে চোরাচালানিরা তাঁকে হত্যা করে।
এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি চান মিয়া বলেন, তদন্তের স্বার্থে চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। ভারতীয় চিনি চোরাচালানের ব্যাপারে তিনি জানেন না।
- বিষয় :
- যুবলীগ কর্মী
- কুপিয়ে হত্যা
- গ্রেপ্তার
