টেকনাফে বদি-জাফরসহ ৩৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
আব্দুর রহমান বদি ও জাফর আহমেদ। ছবি: সংগৃহীত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪ | ২৩:৫৬ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪ | ০০:১৫
কক্সবাজারে টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে সমালোচিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদিকে প্রধান আসামি করে ৩৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এজাহারে টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়েছে।
বুধবার (১৪ আগষ্ট) কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বাদী হয়ে এই লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়া অজ্ঞাতনামা ৭০ বা ৮০ জনকে আসামি করা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের বিতর্কিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদির নেতৃত্বে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর মালিকানাধীন পেট্রোল পাস্প, আলো শপিং কমপ্লেক্স, হোটেল নাফ কুইনসহ আরও বেশ কটি স্থাপনায় সশস্ত্র হামলা চালানো হয়। এতে ব্যাপক গুলি ও ভাঙচুরের পাশাপাশি দোকান লুটপাট করে তার অনুসারীরা।
এ বিষয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) উসমান গনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ঘটনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।