ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

২০০ টাকার জন্য মারধর, পানিতে চুবিয়ে হত্যাচেষ্টা

২০০ টাকার জন্য মারধর, পানিতে চুবিয়ে হত্যাচেষ্টা
×

ফাইল ছবি

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ০৬:৩৪ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ০৮:২০

কুমিল্লার নাঙ্গলকোটে ২০০ টাকার জন্য মীর সামছুল আলম নামে একজনকে নির্যাতন করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার নাঙ্গলকোট পৌরসভার নাওগোদা গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বুধবার আহত সামছুল আলমের ভাই থানায় অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, গত মঙ্গলবার সকালে নাওগোদা গ্রামের সামছুল আলম বাড়ি থেকে স্থানীয় খিলা বাজারে যাচ্ছিলেন। পথে দৌলতপুর ও চৌগুরি গ্রামের মধ্যবর্তী নির্জন মাঠে পৌঁছলে তাঁর কাছে ২০০ টাকা পাবেন দাবি করে হামরা চালায় একই গ্রামের শাহ আলম, ইমাম হোসেন, আবদুর রহমান ও নূরুল হক। এক পর্যায়ে তাঁকে একটি গর্তের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় সামছুল আলমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে  তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত সামছুল আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহসিন কলেজ শাখার সমন্বয়ক মুজাহিদুল ইসলামের বাবা।

অভিযোগপত্র থেকে জানা যায়, নাঙ্গলকোট পৌরসভার নাওগোদা গ্রামের বাসিন্দা সামছুল আলম দীর্ঘদিন ধরে নাঙ্গলকোট বাজারে নাঙ্গলকোট হোটেল নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন। এর পাশাপাশি লাকসাম উপজেলার খিলা বাজারে আবদুল্লাহ সুইটস নামে একটি মিষ্টির দোকান করে ঋণগ্রস্ত হয়ে ব্যবসা ছেড়ে দেন। তাঁর মিষ্টির দোকানে চাকরি করতেন একই গ্রামের শাহ আলমের ছেলে মোহাম্মদ রিফাত। সামছুল আলমের কাছে ২০০ টাকা পাওনা ছিল রিফাতের। এর পর থেকে সামছুল আলম তাঁর ছেলে চট্টগ্রাম মহসিন কলেজ শিক্ষার্থী মীর মুজাহিদুল ইসলামের সঙ্গে চট্টগ্রাম থাকায় পাওনা ২০০ টাকা আর দেওয়া হয়নি। গত মঙ্গলবার সকালে মীর সামছুল আলম চট্টগ্রাম থেকে এলাকায় এসে বাড়ির পাশে চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় রিফাতের বাবা শাহ আলম এসে তাঁর কাছে ২০০ টাকা দাবি করেন। এতে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। কিছুক্ষণ পর তিনি খিলা বাজারে যাওয়ার সময় নির্জন স্থানে তাঁকে একা পেয়ে শাহ আলম, তাঁর বন্ধু ইমাম হোসেন, আবদুর রহমান ও নূরুল হক হামলা করেন। একপর্যায়ে ডোবার পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করেন।

আহত সামছুল আলমের অভিযোগ, তারা তুচ্ছ বিষয় নিয়ে দুই দফা হামলা করেছে। প্রাণে মেরে ফেলতে ডোবার পানিতে চুবিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহসিন কলেজ সমন্বয়ক মীর মুজাহিদুল ইসলাম বলেন, ‘আমার বাবার সঙ্গে তাদের লেনদেন ছিল মাত্র ২০০ টাকার। তারা এ বিষয়টি নিয়ে আমার বাবার ওপর হামলা করেছে। তাঁকে পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করেছে।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শাহ আলম, ইমাম হোসেন, আবদুর রহমান ও নূরুল হকের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, মারধরের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×