কিশোরগঞ্জে করোনায় তাবলীগের শূরা সদস্যের মৃত্যু
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০৭:৫৪
কিশোরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলা তাবলীগ জামাতের শূরা সদস্য শহরের বড়বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলী আকবর মলাই (৭৫) মারা গেছেন। সোমবার ভোর ৪টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত শুক্রবার প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে তিনি সেখানে ভর্তি হলে ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয়। রোববার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে। এরপর সোমবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। তিনি শহরের বয়লা এলাকার বাসিন্দা ছিলেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে রেফার্ড করা হয়েছিল। কিন্তু তার শারীরিক অবস্থার দ্রুত অবনতির কারণে তাকে অন্যত্র নিয়ে যেতে পারেননি পরিবারের সদস্যরা।
তিনি জানান, কিশোরগঞ্জ জেলায় এ নিয়ে করোনায় মোট ১৬ জন মারা গেছেন।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- করোনাভাইরাস