কাবিখার ১২৬৬ বস্তা চালসহ চুয়াডাঙ্গার দু’টি গুদাম সিলগালা
ট্রাক থেকে নামানো হচ্ছে চালের বস্তা -সমকাল
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০৯:৪১
চুয়াডাঙ্গায় খাদ্য অধিদপ্তরের ১২৬৬ বস্তা চালসহ দুটি গুদাম সিলগালা করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের দু’টি গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়। চালগুলো মেহেরপুরের এমপি খোকন বিক্রয় করেছেন বলে অভিযোগ করছেন গুদাম মালিক ও চালব্যবসায়ী নজরুল ইসলাম। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন।
স্থানীয়দের অভিযোগ, প্রায় সময়ই দু’টি গোডাউনে রাতের আঁধারে ও ভোরে ট্রাক থেকে গোপনে চাল নামানো হয়। সোমবার ভোরেও চাল নামানো হয়েছে। গোডাউন মালিক চালব্যবসায়ী নজরুল ইসলাম প্রভাবশালী হওয়ায় তাকে কিছুই বলা যায় না। তিনি প্রায়ই সরকারি চাল বিক্রয় করেন।
গুদাম মালিক ও চালব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, চালগুলো মেহেরপুরের এমপি খোকনের। তার কাছ থেকে গাংনীর চাল ব্যবসায়ী ময়নুল হক নামের একজনের কাছ থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার চাল ব্যবসায়ী অশোক বাবু ও গৌতম বাবু চালগুলো কেনেন এবং আমার গোডাউনে আনলোড করার জন্য পাঠায়। যার বিনিময়ে আমাকে ৫০০০ টাকা দেবে। চালের চালানপত্র রয়েছে আমার কাছে।
তবে এব্যাপারে আলমডাঙ্গার চাল ব্যবসায়ী অশোক বাবু এবং গোরী বাবু বিষয়টি অস্বীকার করেছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেজাউল হক বলেন, প্রাথমিকভাবে গাড়ির চালান এবং অন্যান্য কাগজপত্র জব্দ করা হয়েছে। চালগুলো কিভাবে গুদামে এলো বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে যে চালের বস্তা পাওয়া গেছে তা মেহেরপুরের গাংনী থেকে নিয়ে আসা হয়েছে। সেখানকার খাদ্য বিভাগের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মূলত চালগুলো কাবিখার। তাদের কাগজগুলো যাচাই করা হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, সোমবার সকালে সংবাদ পাই চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে নজরুল ইসলামের দু’টি গোডাউনে সরকারি খাদ্য অধিদপ্তরের চালের ট্রাক আনলোড করা হচ্ছে। এসময় দুটি গোডাউনে খাদ্য অধিদপ্তরের ১২৬৬ বস্তা চাল পাওয়া যায়। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। চালসহ দুটি গোডাউন সিলগালা করে রাখা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
অভিযোগের ভিত্তিতে মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, চালগুলো আমি বিক্রয় করেছি কথাটি সঠিক নয়। চালগুলো হেরিং বন্ডের চাল হতে পারে, বিষয়টি খতিয়ে দেখতে হবে। হেরিং বন্ডের চাল হলে বিক্রয়ের বিধি রয়েছে।
- বিষয় :
- চুয়াডাঙ্গা
- কাবিখা
- চাল