কুড়িগ্রামে জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ আরও ৩ জনের করেনা শনাক্ত
প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০৯:৪৩
কুড়িগ্রামে নতুন করে ডিসি ফুড (জেলা খাদ্য নিয়ন্ত্রক) মো. মিজানুর রহমান (৩৮) সহ আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। বাকি দু’জন হলেন- জেলা খাদ্য নিয়ন্ত্রকের গাড়ির চালক লিটন রায় (৪২) ও জেলা শহরের হাটিরপাড় এলাকায় অবস্থিত গ্রীন লাইভ হাসপাতালের এটেন্ডেন্ট রিজু (২৮)।
সোমবার বিকেলে রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগার থেকে ২৫ জনের নমুনা পরীক্ষার ফলাফলের মধ্যে এই ৩ জনের ফলাফল পজিটিভ আসে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, গত মঙ্গলবার এই ৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সোমবার ফলাফল পজিটিভ এসেছে। সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তবে এদের মধ্যে রিজু'র বাড়ি নাগেশ্বরী উপজেলায় হওয়ায় বর্তমানে সে সেখানে আছে।
তিনি আরও জানান, এ নিয়ে সদর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। জেলার মধ্যে এই উপজেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি হলেও সুস্থ হওয়ার সংখ্যাও বেশি। আক্রান্ত ৩৩ জনের মধ্যে ২৫ জন এখন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেছেন।
এ দিকে সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৯ জনে দাঁড়িয়েছে। তার মধ্যে ৫৪ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গেছেন। আর ২৫ জন হোম আইসোলেশনে আছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় নতুন করে আরও ২২ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে সোমবার জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ১৩৭ জন। মেয়াদ শেষ হওয়ায় ২ হাজার ৩১৮ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত জেলা থেকে ২ হাজার ২৪২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ১ হাজার ৫৭৫ জনের। তার মধ্যে ৭৬ জনের ফলাফল পজিটিভ। সুস্থ হয়েছেন ৫৪ জন। এখন পর্যন্ত কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।