চাঁদপুরে নতুন পদ্ধতিতে লকডাউন
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২০ | ১০:৩২
করোনা সংক্রমণরোধে এবার চাঁদপুরে নতুন পদ্ধতিতে লকডাউন কার্যক্রম চালাবে স্থানীয় প্রশাসন। এর আগে পুরো জেলা লকডাউন করা হলেও পরবর্তীতে তা শিথিল করা হয়। তবে এখন থেকে জেলা এবং উপজেলা লকডাউন করার পরিবর্তে আক্রান্ত ব্যক্তির বাড়ি ও তার আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে ভার্চুয়াল সভা করেছেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। জেলা করোনা বিষয়ক প্রতিরোধ কমিটির সদস্যরা যার যার জায়গায় থেকে এ সভায় অবস্থান নেন।
সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সিনিয়র সচিব শাহ কামালসহ সরকারের ঊর্ধ্বতন অন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনাক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় এখন থেকে আর পুরো জেলা বা উপজেলা লকডাউন করা হবে না। যেসব বাসায় করোনা আক্রান্ত রোগীরা অবস্থান করবেন সেসব বাসা এবং আশপাশের কয়েকটি বাসা লকডাউন করা হবে। এক্ষেত্রে চাঁদপুর শহরে শুধুমাত্র আক্রান্ত ব্যক্তির বাড়ি আর গ্রাম পর্যায়ে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ এর আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপ্রধানে অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আজিজুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান জানান, সভায় সিদ্ধান্ত হয়েছে- যেসব বাড়িতে করোনা রোগী আছে সেসব বাড়ি ও আশপাশের কয়েকটি বাড়ি কঠোরভাবে লকডাউন করা হবে। এছাড়া সরকারি অন্য কোন নির্দেশনা থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- চাঁদপুর
- করোনাভাইরাস