নিখোঁজের একদির পর শিশুর মরদেহ উদ্ধার
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০২:২৪ | আপডেট: ০৯ জুন ২০২০ | ০২:২৮
টাঙ্গাইলের ধনবাড়ীতে নানাবাড়ি থেকে নিখোঁজের একদিন পর তিশা আক্তার নামে ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পাইস্কা ইউনিয়নের দরিচন্দবাড়ী দক্ষিণ পাড়া গ্রামের একটি বাঁশঝাড়ের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তিশা মেহেরপুর জেলার গাংনী উপজেলার হিজলবাড়ী গ্রামের মো. এলামুল হকের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ পাড়া গ্রামের নানাবাড়ি থেকে নিখোঁজ হয় তিশা। এরপর নানা জায়গায় খোঁজাখুজি ও মাইকিং করে সন্ধান না পেয়ে ধনবাড়ী থানা পুলিশকে জানায় তার স্বজনরা।
মঙ্গলবার সকালে তিশার নানার বাড়ির উত্তর পাশের বাঁশঝাড়ের জঙ্গল থেকে তিশার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসীর ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে বাঁশ ঝাঁড়ের জঙ্গলে ফেলে দেয় দুর্বৃত্তরা।
নিহতের মামা ফরিদ মিয়া জানান, তিশার বাবা-মা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকুরি করায় তিশা নানার বাড়িতেই থাকতো। তিনি হত্যাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া জানান, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তিনি বলেন, ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।