ধনবাড়ীতে শিশুর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৪:৫৫
টাঙ্গাইলের ধনবাড়ীতে নিখোঁজের একদিন পর তিশা আক্তার নামে পাঁচ বছরের এক কন্যা শিশুর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পাইস্কা ইউনিয়নের দরিচন্দবাড়ী দক্ষিণ পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তিশা মেহেরপুর জেলার গাংনী উপজেলার হিজলবাড়ী গ্রামের মো. এনামুল হকের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের দরিচন্দবাড়ী দক্ষিণ পাড়া গ্রামে নানা বাড়ি থেকে তিশা সোমবার দুপুরে নিখোঁজ হয়। এরপর নানা জায়গায় খোঁজাখুঁজি ও মাইকিং করে খোঁজ না পেয়ে ধনবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ মঙ্গলবার সকালে তিশার নানার বাড়ির উত্তর পাশের বাঁশ ঝাঁড়ের জঙ্গলের ডোবা থেকে তিশার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা, তিশাকে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা বাঁশ ঝাঁড়ের জঙ্গলে লাশ ফেলে দেয়।
মামা ফরিদ মিয়া জানান, বাবা-মা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করায় তিশা নানার বাড়িতে থাকতো। তিশার হত্যাকরীদের তিনি দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া জানান, খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- টাঙ্গাইল
- ধনবাড়ী
- লাশ উদ্ধার