প্রতিদিনই দুধ দিচ্ছে ৬ মাসের বাছুর
বাছুরটি থেকে দুধ দোয়াচ্ছেন মৈত্রী বিশ্বাস -সমকাল
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৫:২৩
৬ মাস বয়সী একটি গরুর বাছুর থেকে দুধ পাওয়া যাচ্ছে। প্রতিদিন ওই বাছুর প্রায় ৪-৫ ’শ গ্রাম দুধ দিচ্ছে। বাছুরটি আবার তার মায়েরও দুধ খাচ্ছে। এমন ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহাদেবপুর গ্রামের কনজ বিশ্বাসের বাড়িতে।
গরুর মালিক বাছুরটির নাম দিয়েছেন স্মরস্বতী। গত একমাস ধরে প্রতিদিন মা গরুটি থেকে ৩ কেজি আর বাছুর থেকে ৪-৫ শ’ গ্রাম করে দুধ পাচ্ছেন।
গরুটির মালিক কনজ বিশ্বাস জানান, নিজ পরিবারের সদস্যদের দুধ খাওয়ার জন্য একটি গাভী লালন-পালন করতেন। ৩ বছর আগে গাভীটির একটি বাচ্চা হলে নাম রাখেন গঙ্গা। এরপর গত বছরের ৯ ডিসেম্বর গাভীটির আরেকটি বাছুর হলে নাম রাখেন স্মরস্বতী।
তিনি জানান, গত এক মাস হলো হঠাৎ করে ওই বাছুরটির শরীর থেকে দুধ বের হতে দেখা যায়। এই অবস্থায় একদিন বাছুরের শরীর থেকে দুধ বের করার চেষ্টা করে দেখা যায়, প্রায় ৩-৪ শ’ গ্রাম দুধ বের হয়েছে। বিষয়টি প্রতিবেশীদের জানালে তারা চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। এরপর তিনি একজন পশু চিকিৎসকের স্বরনাপন্ন হলে তিনি বাছুরের দুধ ওষুধের মাধ্যমে শুকিয়ে ফেলার পরামর্শ দেন। কিন্তু গ্রামের লোকজন সেটার বিপক্ষে গিয়ে বাছুরের শরীর থেকে বের হওয়া দুধ মন্দিরে দেওয়ার পরামর্শ দেন। প্রথম কয়েকদিন বাছুরের দুধ তারাও খেয়েছেন, এখন মন্দিরে দিচ্ছেন।
তিনি আরো জানান, বাছুরটিকে ঠিকমতো দোয়ালে আরো বেশি দুধ পাওয়া যেত। কিন্তু বাছুরের শরীরের কথা চিন্তা করে কম করে বের করছেন। এইটুকু না বের করলে মাটিতে ফোটা ফোটা ঝরে পড়ে।
সরেজমিনে কনজ বিশ্বাসের বাড়িতে গেলে দেখা গেছে, তার স্ত্রী মৈত্রী বিশ্বাস বাছুরটির শরীর থেকে দুধ বের করছে। এ সময় বাচ্চাটি (স্মরস্বতী) তার মায়ের ওলান থেকে দুধ পান করছে। ৩ শ’ গ্রামের মতো দুধ বের হওয়ার পর দোয়ানো বন্ধ করে দেন মৈত্রী বিশ্বাস। তিনি জানান, এখনও বাছুরটির শরীরে দুধ রয়েছে। কিন্তু তার শরীরের কথা চিন্তা করে আর দুধ নিচ্ছেন না।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামান জানান, এ জাতীয় ঘটনা খুবই কম শোনা যায়। তবে হরমন জনিত সমস্যায় অনেক সময় এটা হতে পারে। এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, অল্পদিনেই এটা বন্ধ হয়ে যাবে।