গুরুদাসপুরে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৫:২৭
নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সাগর হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার রাতে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। গ্রেপ্তার সাগর হোসেন উপজেলার মশিন্দা ইউনিয়নের বামনকোলা গ্রামের আব্দুল লতিফের ছেলে। ধর্ষণের শিকার নারী বিয়াঘাট ইউনিয়নের শিয়ানপাড়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী ওই তরুণী জানান, চাকুরি সূত্রে তিনি রংপুরে থাকেন। সেখান থেকে মোবাইল ফোনে সাগরের সাথে পরিচয় ও পরে সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে আলাপের পর তাদের দেখা-সাক্ষাতও হয়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সাগর হোসেন তাকে একাধিক বার ধর্ষণ করেন। দীর্ঘদিন ধরে ওই সম্পর্ক চলে আসলে সাগরকে তিনি বিয়ের জন্য চাপ দেন। কিন্তু সাগর হোসেন তাকে বিয়ে করবে না জানিয়ে প্রাণনাশের হুমকিও দেয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনোয়ার হোসেন জানান, সাগর হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- নাটোর
- ধর্ষণের অবিযোগে মামলা