লক্ষ্মীপুরে পুলিশ-ব্যাংকারসহ আরও ১৫ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২০ | ০৬:০৪
মঙ্গলবার গত ২৪ ঘন্টায় লক্ষ্মীপুরে নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১৫ জন। আক্রান্তদের মধ্যে কমলনগর থানার একজন এসআই, একজন এএসআইসহ চার পুলিশ সদস্য, দৈনিক ইনকিলাব পত্রিকার কমলনগর উপজেলা প্রতিনিধির পরিবারের পূর্বের একজনের সংস্পর্শে আসা একই পরিবারের আরও তিনজন, সদর উপজেলাধীন চন্দ্রগঞ্জ সোনালী ব্যাংকের একজন কর্মকর্তাও রয়েছেন।
এ নিয়ে সদর মোট ১৪১, কমলনগর ৩৮, রামগঞ্জ ৫৬, রায়পুর ৪৮ এবং রামগতি উপজেলায় ২২জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফফার মঙ্গলবার বিকেলে এ সব তথ্য জানান।
সিভিল সার্জন জানান, লক্ষ্মীপুর জেলায় কোভিড-১৯ এপর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩০৫ জন। আর এ পর্যন্ত মারা গেছেন মোট ৫ জন। এ ছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ২ জন। আইসোলেশন থেকে মোট সুস্থ্য হয়েছেন ৭১ জন। নতুন একজনসহ বর্তমানে আইসোলেশনে ভর্তি রয়েছেন ১২ জন।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, সরকারি-বেসরকারি অফিস, দোকান পাট, হাট বাজার খুলে দেয়ার পর থেকে সাধারণ চলাচলে, নৌপথে এবং যানবাহনে কেউ কেউ মানলেও বেশিরভাগ মানুষই স্বাস্থ্যবিধি এবং শারীরিক দূরত্ব মানছেন না। এতে কোভিড-১৯ সংক্রেণের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে।