ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

উত্তরা ও মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ

উত্তরা ও মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৫:৫৬ | আপডেট: ১৭ জুন ২০২০ | ০৬:১২

প্রাপ্য মজুরি পরিশোধের দাবিতে রাজধানীর উত্তরা ও মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

দ্বিতীয় দিনের মতো উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বুধবার উত্তরার আজমপুরে তাদের অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন বিভিন্ন গন্তব্যের মানুষ। 

দক্ষিণখান থানার এসআই ইব্রাহিম জানান, একটি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। ওই কারখানার শ্রমিকরা পাওনা মজুরির দাবিতে মঙ্গলবারও আন্দোলন করেছেন। এর ধারবাহিকতায় বুধবার সকালে তারা আজমপুরে রাস্তায় নেমে আসেন। মালিকপক্ষের প্রতিনিধি এসে মজুরি পরিশোধের কথা থাকলেও কেউ আসেনি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, কোনো কারখানা বন্ধ হলে শ্রম আইন অনুযায়ী কর্মীদের কিছু পাওনা থাকে। তবে কারখানাটির মালিকপক্ষ সেই টাকা দেয়নি। শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসার কথা থাকলেও তারা টালবাহানা করছে। এ কারণেই শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। 

পরে পুলিশের অনুরোধে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

এদিকে, বকেয়া বেতন পরিশোধ ও কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মিরপুর-১ নম্বর সেকশনেও বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। দুপুরে সনি সিনেমা হলের সামনে সড়ক অবরোধ করেন তারা। 

মিরপুর থানা পুলিশ জানায়, জেএমএইচ ফ্যাশন, জেএমএইচ ডিজাইন ও সিনহা নিট-ডেনিম নামের তিনটি পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। এর মধ্যে জেএমএইচের কারখানাগুলোয় অন্তত দুই মাস ধরে বেতন হচ্ছে না বলে দাবি শ্রমিকদের। অপর কারখানাটির কিছু শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। তারা পাওনা সুযোগ-সুবিধার দাবিতে রাস্তায় নেমেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাকরির সময় এক বছরের কম হওয়ায় আইন অনুযায়ী ছাঁটাইকৃত শ্রমিকরা কোনো সুবিধা পাবেন না। তবু তারা আন্দোলন করছেন। অপর দুই কারখানার শ্রমিকদের পাওনার ব্যাপারে আলোচনা চলছে।


আরও পড়ুন

×