বগুড়ায় করোনায় আক্রান্ত ২ ব্যক্তির মৃত্যু
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৭:৫৩
বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃতেরা হলেন- শহরের লতিফপুর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৬৫) ও মাটিডালি এলাকার খলিলুর রহমান (৫৮)। আনোয়ার হোসেন সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে আর খলিলুর রহমান বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা.খায়রুল বাশার মোমিন জানান, করোনায় আক্রান্ত আনোয়ার হোসেন গত ৯ জুন মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শ্বাসকষ্টের পাশাপাশি তার ডায়াবেটিসের সমস্যা ছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর আড়াইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
অন্যদিকে, বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম রুবেল জানান, খলিলুর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ১৫ জুন সকাল ১০টার দিকে হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
- বিষয় :
- বগুড়া
- মৃত্যু
- করোনার প্রাদুর্ভাব