প্রকাশ্যে এলো হেফাজতের ভাঙ্গন
বাবুনগরীকে সরিয়ে শফীর উত্তরসূরী করা হলো শেখ আহমদকে
আল্লামা আহমদ শফী (বাঁয়ে) ও মাওলানা শেখ আহমদ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৮:০১ | আপডেট: ১৭ জুন ২০২০ | ১০:০৫
আলোচিত হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহম্মদ শফির সাথে মহাসচিব জুনায়েদ বাবুনগরীর দ্বন্দ্ব এখন চরমে। এরই জেরে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার সহকারী পরিচালকের পদ থেকে আল্লামা জুনায়েদ বাবু নগরীকে সরিয়ে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে এই মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শেখ আহমদকে।
এর মধ্য দিয়ে হেফাজতে ইসলামের আমীর হওয়ার পথ রুদ্ধ হয়ে গেল জুনায়েদ বাবুনগরীর। প্রথমবারের মত প্রকাশ্যে এলো হেফাজতের ভাঙ্গনও। কারণ মাদ্রাসার বর্তমান মহাপরিচালক আল্লামা আহমদ শফীর অবর্তমানে এখন এই মাদ্রাসার মহাপরিচালক হবেন সহকারী পরিচালক মাওলানা শেখ আহমদই। এটি হলে পদাধিকার বলে হেফাজতে ইসলামের আমীর হিসেবেও দায়িত্ব পালন করবেন মাওলানা শেখ আহমদ।
বুধবার আল্লামা আহমদ শফির সভাপতিত্বে দারুল উলুম মাদ্রাসার শুরা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না বাবুনগরী। বছর খানেক ধরেই দুটি বলয়ে বিভক্ত হয়ে আছে হেফাজতে ইসলাম। এর একটিতে নেতৃত্ব দিচ্ছেন বাবুনগরী। আরেকটিতে আছেন আল্লামা শফী।
এদিকে শূরা কমিটির বৈঠককে ঘিরে হাটহাজারী বড় মাদ্রাসাতে উত্তেজনা বিরাজ করছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। টহলে আছে র্যাব এবং বিজিবিও।
হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন সমকালকে বলেন, হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার সহকারী পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আল্লামা জুনায়েদ বাবু নগরীকে। এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে এই মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শেখ আহমদকে। এ কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। র্যাব, পুলিশ বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনী টহলে আছে।
২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় হেফাজত। এর প্রভাব চট্টগ্রামে পড়ে ৬ মে। আমির আল্লামা শাহ্ আহম্মদ শফীকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে ওইদিন হাটহাজারী এলাকায় তাণ্ডব চালায় হেফাজতের কর্মী-সমর্থকরা। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
- বিষয় :
- হেফাজতে ইসলাম
- আহম্মদ শফি