ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

বগুড়ায় ক্রিকেটার মুশফিক দিলেন ৪টি নমুনা সংগ্রহ বুথ

বগুড়ায় ক্রিকেটার মুশফিক দিলেন ৪টি নমুনা সংগ্রহ বুথ
×

মুশফিকুর রহিমের সৌজন্যে স্থাপন করা বুথ- সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৮:৫৩

উঞ্চরবঙ্গের মধ্যে মহামারি করোনার হটস্পট হিসেবে পরিচিতি বগুড়ায় নমুনা সংগ্রহের জন্য চারটি বুথ স্থাপন করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বগুড়ার ছেলে মুশফিকুর রহিম মিতু।

বুধবার শহরের জলেশ্বরীতলা এলাকায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এই বুথের উদ্বোধন করা হয়। শারীরিক দূরত্ব বজায় রেখে বুথের উদ্বোধর করেন বগুড়া চেম্বারের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদার রহমান মিলন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.শামির হোসেন মিশু, জাতীয় অনূর্ধ ১৯ ক্রিকেট দলের ক্রিকেটার বগুড়ার ছেলে তামজিদ হাসান তামিম, তাওহিদ  হৃদয়, ইউনিভার্সিটি ক্রিকেট দলের ক্রিকেটার ডা.শামির হোসেন মিশুর ছেলে সাবির হোসেন, মুশফিকুর রহিম মিতুর সহপাটি যুব রেড ক্রিসেন্টের সাবেক জেলা সমন্বয়ক মাসুদুর রহমান বাপ্পী,স্বাস্থ্যকর্মী মোতাহার হোসেন, ডা.সুজিত কুমার প্রমুখ।

ডা.শামির হোসেন মিশু জানান, মুশফিকুর রহিম তার নিলামে ব্যাট বিক্রির টাকায় বগুড়ায় এর আগে কর্মহীন প্রায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেন। চারটি বুথের মধ্যে একটি রোগীদের পরামর্শ দিতে চিকিৎসক সেপটি বুথও রয়েছে। বুথগুলোর মধ্যে তিনটি সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে স্থাপন করা হয়েছে। অপরটি শহরের সেউজগাড়ী এলাকায়। প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এই বুথগুলোয় নমুনা সংগ্রহ করা হবে।

প্রসঙ্গত,  বগুড়ার প্রতিদিন গড়ে দেড়শতাধিক করোনা শনাক্ত হচ্ছে। ১৬ জুন জেলায় ২৬৯ টি নমুনা সংগ্রহ করে শনাক্ত হয় ১৮৮ জন। জেলায় এ পর্যন্ত ১ হাজার ৭০২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।


আরও পড়ুন

×