ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে একজন
চট্টগ্রামে এসএসসির পুনঃনিরীক্ষণে ৬০৯ জনের ফল পরিবর্তন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০৫:৪০
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার অংশ নেওয়া ২০ হাজার ৫৫০ শিক্ষার্থীর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর ৬০৯ জনের ফল পরিবর্তন হয়েছে। যাদের মধ্যে এক শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে। ৪১ জন ফেল থেকে করেছে পাস। অন্যদের প্রাপ্ত গ্রেডের পরিবর্তন হয়েছে।
মঙ্গলবার দুপুরে বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের এই ফল ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ সমকালকে জানান, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ২০ হাজার ৫৫০ জন শিক্ষার্থী এবার ৫২ হাজার ২৪৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করে। পুনঃনিরীক্ষণের ফলাফলে ৬০৯ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফেল করা এক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় এক হাজার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক লাখ ৪৩ হাজার ৮২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ ২১ হাজার ৮৮৮ জন। পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ।
- বিষয় :
- চট্টগ্রাম শিক্ষাবোর্ড
