সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত
প্রতীকী ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ০৭:১০ | আপডেট: ১১ জুলাই ২০২০ | ০৮:০৬
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা বিওপি সংলগ্ন সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মো. আবুল হোসেন (২০) উপজেলার লামাগ্রামের আমির হোসেনের ছেলে।
এ সময় একই গ্রামের চান মিয়ার ছেলে কয়েছ মিয়া গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে পালিয়ে আসে। শনিবার দুপুর ১২টার দিকে গুলির ঘটনার পর বিজিবি নিহতের লাশ উদ্ধার করলেও আহত কয়েছ মিয়াকে পায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। দুপুরে দুইজন বাংলাদেশি সীমান্ত থেকে আনুমানিক ৮শ গজ ভেতরে চলে যাওয়ায় ভারতের খাসিয়ারা তাদের গুলি করে। এতে আবুল হোসেন নিহত ও কয়েছ আহত হন। এ নিয়ে গত দেড় মাসে কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে একাধিক বাংলাদেশি নিহত হলেন।
বিজিবি’র ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল জানান, করোনা পরিস্থিতিতেও সীমান্তে টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। স্থানীয়দের সচেতনও করা হচ্ছে।
- বিষয় :
- সিলেট
- খাসিয়া
- বাংলাদেশি
- কোম্পানীগঞ্জ