গোবিন্দগঞ্জে নদীর পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ১০:২০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে ইতি খাতুন (১২) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। ইতি ববনপুর গ্রামের আবু বক্করের মেয়ে। সে স্থানীয় ববনপুর সরকারি প্রাথমিক বিদ্যায়লের পঞ্চম শ্রেণির ছাত্রী।
গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, তিনজন বান্ধবীসহ ইতি খাতুন শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে করতোয়া নদীতে গোসল করতে যায়। গোসলের সময় ইতিকে পানির স্রোতে ভেসে যেতে দেখে উদ্ধারের চেষ্টা করে বান্ধবীরা। একপর্যায়ে ইতি পানিতে তলিয়ে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ইতিকে উদ্ধার করে। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
- বিষয় :
- গোবিন্দগঞ্জ
- স্কুলছাত্রী
- রংপুর
- গাইবান্ধা