সিলেট ও সুনামগঞ্জে ৪৪ জনের করোনা শনাক্ত
সিলেট ব্যুরো
প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ১০:৪৭
সিলেট ও সুনামগঞ্জ জেলায় নতুন করে আরও ৪৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট জেলায় ৩২ জন ও সুনামগঞ্জে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে এই দুই জেলার নমুনা পরীক্ষা হয়।
সিলেট বিভাগের চার জেলা মিলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৯৮ জন। এখন পর্যন্ত সিলেটে ৩ হাজার ৭৪ জনের এবং সুনামগঞ্জে এক হাজার ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার হবিগঞ্জ ও মৌলভীবাজারে কোনো আক্রান্ত শনাক্ত হয়নি। এই দুই জেলার নমুনা ঢাকায় পাঠানো হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে সিলেটের ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসকসহ পুলিশ সদস্য আছেন।
শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শনিবার সুনামগঞ্জের ৫২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন নমুনা কম আসায় শাবির ল্যাবে কম পরীক্ষা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় কেউ মারা যাননি। ফলে মোট মৃতের সংখ্যা ৯৭ জনই আছে। এখন পর্যন্ত দুই হাজার ১৩৮ জন সুস্থ হয়েছেন এবং বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৪৫ জন ভর্তি আছেন।
- বিষয় :
- করোনাভাইরাস
- সিলেট
- সুনামগঞ্জ