যশোরে স্বর্ণের ১১ বারসহ তিন পাচারকারী আটক
.
যশোর অফিস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ | ১৮:৫০ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ | ১৯:১০
যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়া ধলগাঁমোড় থেকে স্বর্ণের ১১টি বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার ভোরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ১ কেজি ৩০০ গ্রাম ওজনের উদ্ধার স্বর্ণের দাম প্রায় ২ কোটি টাকা। এসব স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারকলা গ্রামের আতা এলাহী জীবন, গাজীপুরের কাশিমপুর উপজেলার বাগবাড়ি গ্রামের আবুল কালাম আজাদ ও বগুড়ার শেরপুর উপজেলার রানীরহাটের রামপ্রসাদ মণ্ডল।
বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধলগাঁ বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় একটি টহলদল অবস্থান নেয়। সেখনে সন্দেহভাজন তিনজনকে তল্লাশি করে প্যান্টের পকেট ও মানিব্যাগে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১১টি স্বর্ণের বার পাওয়া যায়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেন ঢাকার তাঁতীবাজারের এক চোরাকারবারীর কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল। একজন যশোর-নাভারন হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে এবং বাকি দুজনের যশোর-চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল।
আটকদের বিরুদ্ধে যশোরের বাঘারপাড়া থানায় মামলা দায়ের ও হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।
- বিষয় :
- যশোর
- বিজিবি
- স্বর্ণের বার
