ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডি: আলফাডাঙ্গায় চিরনিদ্রায় ছোট্ট রাইসা

মাইলস্টোন ট্র্যাজেডি: আলফাডাঙ্গায় চিরনিদ্রায় ছোট্ট রাইসা
×

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনি। ছবি: সংগৃহীত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫ | ১৮:০৯ | আপডেট: ২৫ জুলাই ২০২৫ | ১৮:৫৮

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিশু রাইসা মনির (৯) দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে  ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া শামচুল উলুম মাদ্রাসা ও এতিমখানা গোরস্থানে লাশ দাফন করা হয়। এর আগে রাইসার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল, সেনাবাহিনীর সদস্য ও গ্রামবাসী।

রাইসা মনির গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়। বিমান দুর্ঘটনার আগুনে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায় বলে জানান চিকিৎসকরা।

পরিবার সূত্র জানায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর থেকেই নিখোঁজ ছিল রাইসা মনি। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মুখমন্ডলের অংশবিশেষ দেখে শনাক্ত করেন বাবা শাহাবুল শেখ (৪৪)। বাবার দাবির প্রেক্ষিতে সিএমএইচ থেকে মঙ্গলবার মরদেহের ডিএনএ সংগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তৃপক্ষ।

ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ ডিএনএ রিপোর্টে রাইসার মরদেহ শনাক্ত হয়। এরপর গতকাল বৃহস্পতিবার জুলাই দিবাগত রাত ১১টার দিকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

শুক্রবার সকালে রাইসার মরদেহ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে পোঁছালে শোকের ছায়া নেমে আসে। সকাল থেকেই রাইসার বাড়িতে চলে আত্মীয়স্বজন ও গ্রামবাসীর কান্না।

রাইসা মনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের শাহাবুল শেখ ও মীম আক্তারের মেয়ে। রাজধানীর উত্তরা নয়ানগরে ভাড়া বাসায় থাকতেন তারা। শাহাবুল শেখ একটি গার্মেন্টস এক্সেসরিস সরবরাহকারী প্রতিষ্ঠানের স্বত্ত্বধিকারী। রাইসার দুই বোন ও এক ভাই। বোনের মধ্যে মেজো সে। বড়ো বোন সিনথিয়া (১৪) একই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ভাই রাফসান (৪) সবার ছোট।

রাইসার চাচা ইমদাদুল শেখ বলেন, এ দুর্ঘটনার পর থেকে রাইসা নিখোঁজ ছিল। আমরা তাকে খুঁজে পাচ্ছিলাম না। বিভিন্ন স্থানে ও হাসপাতালে খোঁজ-খবরের পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তার মরদেহের সন্ধান পাই। পুড়ে যাওয়া মুখমন্ডল দেখে রাইসার বাবা শনাক্ত করেন। গত রাতে বাড়িতে এসেছি। শুক্রবার সকাল সোয়া ৯টায় জানাজা সম্পন্ন করে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

জানাজায় উপস্থিত আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আলফাডাঙ্গার রাইসা মনি মারা যায়। এ শোক সইবার মত না। আল্লাহ পাক যেন তার মা-বাবাসহ পরিবারকে এ শোকে ধৈর্য ধরার তৌফিক দেন। আমরা উপজেলা প্রশাসন রাইসা মনির পরিবারের পাশে আছি।

আরও পড়ুন

×