ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘টিকটক’, গ্রেপ্তার ১২

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ‘টিকটক’, গ্রেপ্তার ১২
×

প্রতীকী ছবি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ | ২১:১৩

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টিকটক করার দায়ে ৮ শিশুসহ ১২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। শনিবার তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। 

এর আগে, শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ৬ (২),৮, ৯, ১০ ধারায় মামলা করেন। 

গ্রেপ্তাররা হলো- ইয়াছিন আরাফাত, আব্দুল করিম, আবু হাছনাইন বিজয়, সাইফুল ইসলাম, আব্দুর রহমান, আরাফাত হোসেন, আশরাফুল জামাল, ফোরকান, মো. ইকবাল, আশিকুল ইসলাম, শরীফুল ইসলাম ও আকিফুল ইসলাম আকিব। 

মামলার এজাহারে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়ারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী। ঘটনার দিন এলাকার কথিত বড় ভাইদের নেতৃত্বে শুক্রবার বিকেল ৩টা ৪০ মিনিটে কর্ণফুলীর খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ডের কালাইয়ার দোকান থেকে মৌলভীবাজার এলাকার বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা করা হয়।

তবে স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গ্রেপ্তার তরুণরা ‘চুলকানি বাহিনী ফানি বিনোদন’ নামের একটি ফেসবুক পেজ চালায়। ওই পেজে বিভিন্ন ভিডিও আপলোড করে তারা। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের আদলে টিকটক ভিডিও বানাচ্ছিল। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে।
গ্রেপ্তার ১২ জনকে বিকেলে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আদালত ৮ জন শিশুকে গাজীপুর শিশু কিশোর উন্নয়নকেন্দ্র ও বাকি চারজনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ১২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। 

গ্রেপ্তার আব্দুর রহমানের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা রাতভর থানায় ছিলাম ছেলেদের ছাড়িয়ে নিতে কিন্তু পারিনি। ওরা কোনো রাজনীতি করে না। জয় বাংলা স্লোগান দিয়ে ফানি ভিডিও টিকটক করার দায়ে আমাদের ছেলেদের জেলে পাঠানো হলো তা হতাশাজনক।’

আরও পড়ুন

×