নাটোরে রেললাইনে শিকল বেঁধে নাশকতার চেষ্টা
.
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫ | ০০:৫১
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধবনগর স্টেশনের কাছে রেললাইনে কে বা কারা লোহার শিকল পেঁচিয়ে তালা দিয়ে নাশকতার চেষ্টা করেছে। গত রোববার রাত আনুমানিক ১১টার দিকে রেললাইনে শিকল প্যাঁচানো ও তালা দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিক বিষয়টি তারা নলডাঙ্গা থানা পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে সরিয়ে ফেলায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
এ ঘটনার কারণে সীমান্ত এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। তবে রাত থেকেই ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।
নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ামাত্র
পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মাধবনগর স্টেশনমাস্টার ও আত্রাই থেকে কারিগরি দল নিয়ে এসে তালাবদ্ধ শিকলটি কেটে ফেলা হয়। ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত নাশকতার অংশ ছিল। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, গতকাল সোমবার নলডাঙ্গায় এক জরুরি সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা একটি রাজনৈতিক দলের কর্মীরা গোপনে আবার সক্রিয় হয়ে উঠেছে। তারা নতুন করে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে
নাটোর শহর ও আশপাশ অঞ্চল থেকে নাশকতার পরিকল্পনায় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এমনকি নিষিদ্ধ সংগঠনের ব্যানারে শহরে বাইক শোডাউন ও গোপন বৈঠক চলছে।
- বিষয় :
- রেললাইন
