নড়াইলে বিএনপি-ছাত্রদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
ছবি: প্রতীকী
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫ | ১৮:২৭ | আপডেট: ০৬ আগস্ট ২০২৫ | ১৯:২০
নড়াইলে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, পৌর কৃষক দলের আহ্বায়ক গোলাম রসুল মান্দার শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইমরান শেখসহ সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মালামাল লুটের অভিযোগে মামলা হয়েছে।
বুধবার রাতে কালিয়া থানায় এ মামলাটি করেন কালিয়া পৌরসভার ছোট কালিয়া এলাকার আকিজ শেখের স্ত্রী রহিমা খানম। এ তথ্য নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
মামলার বাকি আসামিরা হলেন- পৌর ছাত্রদলের আহ্বায়ক মিকাইল শেখ, স্থানীয় বিএনপি নেতা ইনামুল শেখ, মিরাজ শেখ ও সাদ্দাম শেখ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদীর স্বামী আকিজ শেখ কালিয়া পৌরসভার কালিয়া মোড়ে রড সিমেন্টের ব্যবসা শুরু করেন। আকিজ শেখ বিদেশে যাওয়ার পর দীর্ঘদিন ধরে তার দেবর মো. লিকু শেখ দোকানটি পরিচালনা করে আসছিলেন। গত বছর আগস্ট মাসের ১০ তারিখে আসামিরা দোকানে এসে লিকু শেখের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করলে আমরা চাঁদার টাকা দেইনি। আসামিরা গত শনিবার পুনরায় দোকানে এসে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় লিকু শেখকে কিল-ঘুষি মারতে থাকে এবং দোকান থেকে রড, সিমেন্ট ও নগদ টাকা এবং দোকানের সামনে থাকা অব্যবহৃত তিনটি ট্রলিসহ মোট ১২ লাখ ২৪ হাজার টাকা মালামাল নিয়ে যায়।
এ বিষয়ে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, কালিয়া পৌর কৃষক দলের আহ্বায়ক গোলাম রসুল মান্দার শেখ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মিকাইল শেখ মোবাইল ফোনে জানান, এ মামলা মিথ্যা ও বানোয়াট। এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আমি শুনেছি যে থানায় একটি মামলা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড করে থাকলে থানায় মামলা হলে আমাদের কী করার আছে। দলীয় কোনো ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার সত্যতা পেলে অবশ্যই দলীয়ভাবে আমাদের করণীয় আছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলাটির তদন্ত চলমান। কাউকে গ্রেপ্তার করা হয়নি। সত্যতা পেলে যা যা করণীয়, তাই করা হবে।
- বিষয় :
- নড়াইল
- চাঁদাবাজি মামলা
- বিএনপি
- ছাত্রদল
- কৃষকদল
