চকরিয়া
মাছের ঘের দখল নিয়ে গোলাগুলিতে যুবক নিহত
প্রতীকী ছবি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ | ১১:৪৬ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ | ১২:০৩
কক্সবাজারের চকরিয়ায় মাছের ঘের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ১২টার দিকে চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা রামপুর আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম।
নিহত ব্যক্তির নাম শেকাব উদ্দিন (৪০)। তিনি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকার মঞ্জুর আলমের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রামপুর আবাসন প্রকল্প এলাকায় একটি মাছের ঘের নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ওই ঘেরের দখল নিয়ে শনিবার রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় শেকাব উদ্দিন গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি বলেন, মাছের ঘেরের বিরোধ নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
