বীজ সংকটে আমন আবাদ নিয়ে শঙ্কায় কৃষক
.
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৪৬
ঝালকাঠির রাজাপুরে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় বীজতলা পচে যাওয়ায় রোপা আমন বীজের সংকট দেখা দিয়েছে। বীজ সংকটের পাশাপাশি শ্রমিক না পাওয়া এবং কৃষি উপকরণের দাম বাড়ায় অধিকাংশ জমি অনাবাদি রয়ে গেছে। এতে আমন আবাদের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
জেলা কৃষি বিভাগ জানায়, চলতি বছর ৪৬ হাজার ৭৭০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বীজ সংকটের কারণে এখন পর্যন্ত মাত্র ছয় হাজার হেক্টর জমিতে আমন রোপণ করা সম্ভব হয়েছে।
উপজেলার বাগড়ি গ্রামের আলাউদ্দিন, হাকিম, নূরনবী, আফজালসহ কয়েকজন কৃষকের ভাষ্য, বর্ষা মৌসুমে টানা বৃষ্টির কারণে নিচু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে অধিকাংশ বীজতলায় আমন বীজ রোপণ করা সম্ভব হয়নি। এ ছাড়া অনেক বীজতলার চারা বিনষ্ট হওয়ায় আমন বীজের সংকট দেখা দিয়েছে। এ কারণে অনেক জমিতে আমন আবাদ করতে পারেনি কৃষক। এ ছাড়া শ্রমিক না পাওয়া, সার ও কীটনাশক ও ডিজেলের দাম বৃদ্ধিতে কৃষক হতাশ। এমন পরিস্থিতে বিপুল জমি অনাবাদি থাকার শঙ্কা দেখা দিয়েছে।
শুক্তাগড় গ্রামের কৃষক শাহিন জানান, তাদের এলাকায় জলাবদ্ধতার কারণে বীজতলার চারা গাছ পচে গেছে। এতে বাজারে আমন বীজের সংকট দেখা দিয়েছে। অন্য এলাকা থেকে বীজ কিনে ধান রোপণের চেষ্টা করছেন কৃষক। জমি যেন পতিত না থেকে, সে জন্য কৃষক বেশি দামে আমন বীজ সংগ্রহের চেষ্টা করছেন।
উপজলার বাগড়ি বাজার এলাকার কৃষক বাবুল হাসন জানান, বাজারে আমন বীজ পাওয়া যাচ্ছে না। যেটুকু পাওয়া যাচ্ছে তার দাম বেশি। সব কিছুর দাম বেড়ে যাওয়ায় চাষাবাদ করে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে যাচ্ছে।
জীবনদাশকাঠি গ্রামের কষক বেলায়েত হোসেন জানান, পানি যদি দ্রুত না কমে, তাহলে অধিকাংশ জমিতে আমন আবাদ করা কঠিন হয়ে পড়বে।
রাজাপুরের কেওতা গ্রামের কৃষি বিভাগর উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হোসেন আকন জানান, আমন বীজের কিছুটা সংকট থাকলেও কৃষকরা অন্য এলাকা থেকে বীজ সংগ্রহ করতে পারছেন। এতে আমন রোপণে তেমন সমস্যা হবে না বলে তিনি আশাবাদী।
ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, রাজাপুরের কিছু কিছু জায়গায় বীজতলা পানিতে ডুবে যাওয়ায় সমস্যা হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। উঁচু এলাকার বীজতলা দিয়ে এ সমস্যার সমাধান করা সম্ভব হবে। বৃষ্টি কমে যাওয়ায় জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হয়েছে। দ্রুতই অনাবাদি জমিতে ধান রোপণ করবেন কৃষক। আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। আমন আবাদের লক্ষ্যমাত্রা পূরণে সমস্যা হবে না বলে আশাবাদ জানান তিনি।
- বিষয় :
- বীজ
