বাগেরহাটের চারটি আসন বহালের দাবি, দ্বিতীয় দিনের মতো চলছে হরতাল
বাগেরহাটে দ্বিতীয় দিনের মতো চলছে হরতাল। ছবি-সমকাল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:৪১ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ | ১৫:১৪
বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে হরতাল। বৃহস্পতিবার সকালে সড়কে আগুন জ্বালিয়ে, বেঞ্চ পেতে, গাছের গুড়ি ফেলে অবরোধ করেছেন হরতালের সমর্থনকারীরা।
সর্বদলীয় সম্মিলিত কমিটির দাবি, জেলার বিভিন্ন সড়কের অন্তত ১৩৪টি স্থানে স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছেন নেতাকর্মী ও স্থানীয়রা। যার ফলে বাগেরহাট জেলা কার্যত অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন রয়েছে। এমনকি আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থাও এক কথায় অকার্যকর হয়ে পড়েছে।
এদিকে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দড়াটানা সেতুর দুইপাশ, ফতেপুর বাজার, সিএনবি বাজারসহ বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাকের সারি দেখা গেছে।
অন্যদিকে হরতালের সমর্থন করে বাগেরহাট জেলা জুড়ে দোকানপাট খোলেননি ব্যবসায়ীরা। তবে এতে তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এদিকে বুধবার সকালে শুরু হওয়া হরতালের সমর্থনে রাতেও সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখা হয়। যার ফলে রাতেও কোন প্রকার গাড়ি চলাচল করতে পারেনি।
বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বাগেরহাটের কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেউ অভিযোগও করেনি। তবে পুলিশ টহল চলছে। রাজনৈতিক দলগুলো তাদের মতো করে হরতাল পালন করছে।
