বড়াইগ্রামে জামায়াত-শিবিরের ৫ জন আটক
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ০৯:৩৩
নাটোরে বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের হারোয়া আবদালপাড়া এলাকা থেকে জামায়াত-শিবিরের ৫ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় কিশোরদের খেলাধুলা ও খিচুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সংগঠনের তৎপরতা চালানোর অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি মসজিদ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বনপাড়া পৌর শাখা শিবিরের সভাপতি ও মধ্য মালিপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে নাহিদ হাসান মুন্না (১৯), সাধারণ সম্পাদক ও চর-নটাবাড়িয়া গ্রামের আক্কাস আলী খাঁর ছেলে তরিকুল ইসলাম (২০), কর্মী সর্দারপাড়ার ইয়াকুব আলীর ছেলে আব্দুল্লাহ (১৮), জামায়াত কর্মী হারেয়া পূর্বপাড়া এলাকার মৃত আকবর আলী মোল্লার ছেলে শহিদুল ইসলাম মোল্লা (৫৬) এবং হারোয়া আবদাল পাড়া জামে মসজিদের মোয়াজ্জিন ওই এলাকার আব্দুস সামাদের ছেলে সালাউদ্দিন (২০)।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আটককৃতদের বড়াইগ্রাম থানায় প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।