চকরিয়ায় অটোরিকশা থামিয়ে ব্যবসায়ীকে গুলি
ছবি: সংগৃহীত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ২২:৫১
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দুর্বৃত্তদের গুলিতে রমিজ উদ্দিন সওদাগর নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত রমিজ উদ্দিন সওদাগর একটি মুদিদোকান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশায় বাড়ি ফিরছিলেন রমিজ উদ্দিন। এ সময় অটোরিকশা থামিয়ে দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, সকালে রমিজ উদ্দিনের সঙ্গে ওই দুই যুবকের কথা কাটাকাটি হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান। তিনি জানান, হামলাকারীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।