ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আশুলিয়ায় শিশুসন্তানসহ দম্পতির মরদেহ উদ্ধার

আশুলিয়ায় শিশুসন্তানসহ দম্পতির মরদেহ উদ্ধার
×

ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ০২:৫১

সাভারের আশুলিয়ায় এক দম্পতি ও তাদের শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকায় ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। টিনশেডের ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছিল রাজমিস্ত্রি রুবেল আহমেদের (৩৫) মরদেহ এবং তাঁর স্ত্রী সোনিয়া আক্তার (২৮) ও মেয়ে জামিলা (৬) মৃত অবস্থায় বিছানায় পড়ে ছিল। 

রুবেলের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার নলডাঙ্গা গ্রামে। তাঁর স্ত্রী সোনিয়া পোশাক কারখানায় চাকরি করতেন। তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রী-সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন রুবেল।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বিকেলে বাসায় সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। কক্ষের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশু জামিলার মুখ থেকে বিষের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সন্তানকে বিষ খাইয়ে এবং স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর রুবেল আত্মহত্যা করেছেন। 

আশুলিয়া থানার এসআই মজিবুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।

স্বামীকে হত্যার পর স্ত্রীকে ‘ধর্ষণ’
কক্সবাজার শহরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর তাঁর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাতের এ ঘটনায় বিরেল চাকমা নামের একজনকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। নিহত ব্যক্তি, তার স্ত্রী এবং বিরেলের বাড়ি রাঙামাটি। নিহত ব্যক্তির বয়স ৫৫ বছর। কক্সবাজার শহরের কলাতলীর উত্তরণ আবাসিক এলাকার একটি বাসায় হত্যার শিকার হন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা আদায় করতে তিন দিন আগে পূর্বপরিচিত বিরেলের বাসায় ওঠেন ওই দম্পতি। নিহত ব্যক্তি ও বিরেল শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাসায় একসঙ্গে মদ্যপান করেন। তাদের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে বিরেল দা দিয়ে ওই ব্যক্তির মাথায় আঘাত করেন। এতে তাঁর মৃত্যু হয়। পরে ওই নারীকে ধর্ষণ করে বিরেল। ভুক্তভোগী নারী কৌশলে বাসা থেকে বেরিয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হন। বিরেল পালানোর চেষ্টাকালে স্থানীয়রা তাকে ধরে পুলিশে খবর দেন। 

হোটেলে আওয়ামী লীগ নেতার মরদেহ
খুলনায় আবাসিক হোটেল থেকে তৌহিদুর রহমান তুহিন নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে সদর থানার সামনে স্টার হোটেলের চারতলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তুহিন খুলনা নগরীর ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং নগরীর লবণচরা থানার মতিয়াখালীর এস এম এ খালেকের ছেলে। 

খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় জানান, রোববার বেলা ১১টার দিকে তুহিন এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে স্টার হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষ ভাড়া নেন। ওই নারী কিছুক্ষণ কক্ষে থেকে বাইরে চলে যান। বিকেল ৫টার দিকে বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে তুহিনের আসল স্ত্রী হোটেলে যান। ৪০১ নম্বর কক্ষে গিয়ে ডাকাডাকি করে সাড়া না পেয়ে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানান তিনি। রাত সোয়া ৮টার দিকে পুলিশের উপস্থিতিতে হোটেলের কর্মীরা দরজা ভেঙে কক্ষে ঢুকে দেখেন তুহিনের মরদেহ মেঝেতে পড়ে আছে এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছে।

সংঘর্ষে যুবক নিহত
রাজশাহীর চারঘাটে দুপক্ষের সংঘর্ষে অনিক ইসলাম হৃদয় নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনিক মুক্তারপুর গ্রামের আবুল কালামের ছেলে।

এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার দুদিন পর ওবায়দুর শিকদার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল হরিদাশপুর গ্রামের রাস্তা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

(সাভারের নিজস্ব প্রতিবেদক এবং সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধির পাঠানো তথ্য)

আরও পড়ুন

×