বেতন বৃদ্ধির দাবি মানার পর রাজশাহী-ঢাকা রুটের বাস চলাচল শুরু
রাজশাহী-ঢাকা রুটের বাস চলাচল শুরু। ছবি-সংগৃহীত
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ২০:৫৮
ন্যায্য বেতনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল বন্ধ থাকার ৩৬ ঘণ্টা পর চালু হয়েছে। মালিকপক্ষের দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে সকল রুটে বাস চলাচল শুরু হয়।
এর আগে সোমবার সকাল থেকে বাস চালক ও কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করে। এসময় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম, এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ পরিবহনের বাসগুলোর চালকরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন।
বাস চালক ও শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাস চালককে ১ হাজার ৩৫০, সুপারভাইজারকে ৫৭০ এবং হেলপারকে ৫৩০ টাকা দেয় বাস মালিকরা। গত ১৫ বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। দফায় দফায় বাস মালিকদের সঙ্গে বসেও সমস্যার সমাধান হয়নি।
তাই সোমবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট চলাচলকারী সব গাড়ি বন্ধ রেখে ধর্মঘট পালন করে তারা।
তারা জানান, মঙ্গলবার বিকেলে বাস মালিক, চালক ও শ্রমিক নগরীর শিরোইল এলাকায় বৈঠক হয়। সভায় মালিকপক্ষ বেতন বাড়ানোর দাবি মেনে নেয়। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে তা বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছেন। এরপর চালক ও শ্রমিকরা কাজে যোগ দেন।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, মালিকদের সঙ্গে বৈঠক করে বিষয়টি সমাধান হয়েছে।
গ্রামীণ পরিবহনের ম্যানেজার হাসানুজ্জামান বলেন, দাবি মেনে নেওয়ায় সন্ধ্যা থেকে সব রুটে আবারও বাস চালু হয়েছে।
- বিষয় :
- বাস চলাচল
