খুমেকে ‘এমবিবিএস ফেজ-৩ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন’ কর্মশালা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ২২:২৩
খুলনা মেডিকেল কলেজে (খুমেক) ‘এমবিবিএস ফেজ-৩ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার খুমেকের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সেন্টার ফর মেডিকেল এডুকেশন ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. রুহুল আমিন। তিনি সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসা শিক্ষার মানের বৈষম্য দূরীকরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যারা রক্ত দিয়ে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনেছে, তারা যেভাবে চায় সেভাবেই তাদের শেখাতে হবে।
ওয়ার্কশপ আয়োজক কমিটির আহ্বায়ক ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. কামদা প্রসাদ সাহা স্বাগত বক্তব্যে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য চিকিৎসক সমাজের প্রতি অগ্রণী ভূমিকার আহ্বান জানান।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও খুলনা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. গোলাম মাসুদ ও বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন ডা. আব্দুল হালিম সরদার।
এতে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৯টি মেডিকেল কলেজের ফেজ-৩ এর অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পর্যায়ের মোট ৭০ জন শিক্ষক ও নয়টি মেডিকেল কলেজের একজন করে ছাত্র প্রতিনিধি অংশ নেন।
কর্মশালার সেশনগুলো পরিচালনা করেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ শাদরুল আলম, টিচিং মেথডোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দাল মিয়া এবং বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- খুলনা বিশ্ববিদ্যালয়
