হঠাৎ এলো রেসাস বানর
বাঘায় ঘুরে বেড়াচ্ছে বানর। সোমবার দুপুরে উপজেলা পরিষদ এলাকায় -সমকাল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:০১
| প্রিন্ট সংস্করণ
রাজশাহীর বাঘা উপজেলা সদরে হঠাৎই দেখা মিলেছে একটি বানরের। গতকাল সোমবার দুপুরের পর থেকে ওই প্রাণীটিকে দেখতে পান স্থানীয় লোকজন। কেউ সেটিকে ধরার চেষ্টা করলেই লাফিয়ে পালিয়ে যাচ্ছিল। শুরুতে অনেকে প্রাণীটিকে হনুমান বলে মনে করছিলেন। তবে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, এটি রেসাস বানর। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বানরের সবচেয়ে পরিচিত প্রজাতি এটি।
সোমবার দুপুরে সর্বশেষ বানরটিকে দেখা যায় উপজেলা পরিষদ চত্বরের ভেতর। উপজেলা মডেল মসজিদের আশরাফ আলী বলেন, হঠাৎ করেই তাঁর চোখ পড়েছিল উপজেলা পরিষদের প্রাচীরের ওপরে। সেখানে হনুমানসদৃশ প্রাণীটি দেখতে পান। প্রাণীটির একটি ভিডিও ফেসবুকেও দিয়েছেন। কেউ কমেন্ট করে বলছেন, এটি হনুমান, কেউ বলছেন বানর।
কলেজছাত্র শান্ত বলেন, প্রাণীটি কখনও প্রাচীরের ওপর, আবার কখনও নিচে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। এটি বানর, না হনুমান তা জানেন না।
বন্যপ্রাণী বিভাগ সূত্র জানায়, রেসাস প্রজাতির বানরের রং ধুলো-বাদামি থেকে লালচে-গোলাপি। এদের মুখমণ্ডলে পশম থাকে খুবই কম। পাঁজরের রংও মুখের মতোই। মাঝারি দৈর্ঘ্যের লেজ থাকে প্রাণীটির। এই বানরের গড় উচ্চতা ২০৭ দশমিক ৬ থেকে ২২৮ দশমিক ৯ মিমি (৮ দশমিক ১৭ থেকে ৯ দশমিক শূন্য ১ ইঞ্চি)। হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি দেখে রাজশাহী বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবীর বলেন, এটি রেসাস বানর, হনুমান নয়। মোবাইল ফোনে তিনি বলেন, টাঙ্গাইলের মধুপুরের ভাওয়াল বনে এই বানরের আবাসনস্থল ছিল। বনগুলো খণ্ড খণ্ড হওয়ার ফলে দলছুট হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে প্রাণীটি। এখানে-সেখানে ছুটছে খাবারের সন্ধানে। পাথরবাহী ট্রাক বা অন্য কোনো উপায়ে বাঘায় এসেছে। তিনি প্রাণীটিকে বিরক্ত না করে দয়া দেখিয়ে মুক্ত চলাচলে সহায়তা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। খাবার দিলে এটি এলাকা ছাড়বে না বলেও মন্তব্য করেন।
- বিষয় :
- বানর
