ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের ব্যাপক তৎপরতা
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২০ | ০৮:৩৮
আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে যাত্রী ও পশুবাহী যানবাহনের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিন-রাত সেবা দিয়ে যাচ্ছে হাইওয়ে পুলিশ। পাশাপাশি পণ্যবাহী বা খালি ট্রাক, কাভার্ডভ্যান, লরিতে যাত্রী পরিবহন বন্ধে তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ।
প্রতিটি যানবাহনের যাত্রাপথ নির্বিঘ্নে হাইওয়ে পূর্বাঞ্চল কুমিল্লার অধীন জেলার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১’শ কিলোমিটার অংশে হাইওয়ে পুলিশ সেবা দিয়ে যাচ্ছে। মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, ময়নামতি সেনানিবাস এলাকায় ও চৌদ্দগ্রামের মিয়াবাজারে দিন-রাতে মোট ১২টি টিম একটানা কাজ করছে।এসব টিমের সদস্যরা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও হাইওয়ে পুলিশের টহল দল যানচলাচল নিরাপদে কাজ করে যাচ্ছে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. সাফায়েত হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে আমরা বিশেষভাবে তৎপর রয়েছি। গরুবাহী ট্রাক কিংবা যাত্রীবাহি পরিবহন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য দিন-রাত কাজ করছে হাইওয়ে পুলিশ। পাশাপাশি ঈদকে ঘিরে চাঁদাবাজি কিংবা ছিনতাই রোধে সার্বিক নিরাপত্তায় হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, পশুবাহী গাড়ি যেন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে অর্থাৎ যে গাড়ি যে বাজারে যাবে সেটা নিশ্চিতে ব্যবস্থা করা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো রোধে স্পীডগান ব্যবহার করে দুর্ঘটনার ঝুঁকি কমানোসহ পণ্যবাহী গাড়িতে লোক চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা করা হচ্ছে।
- বিষয় :
- বুড়িচং