মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ২২:৫৯
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে দালাল ও প্রতারকচক্রের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনকে কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রাহকদের হয়রানি বন্ধ এবং বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আটক চার ব্যক্তি আদালতে নিজেদের দোষ স্বীকার করেন। পরে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে চারজনকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. ইমরান হোসেন (২৩), মো. ইমরান আলী (২০), মো. রফিক (৪০) এবং মো. মিজানুর রহমান (৫১)।
অভিযানের সময় প্রতারকচক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যান বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারকচক্রের সদস্যরা দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রতারণা করে। এ ধরনের দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।