হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে আসামি ছিনতাই
ফাইল ছবি-সংগৃহীত
হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ০০:০০
লালমনিরহাটের হাতীবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের ভবানীপুর এলাকায় গত শনিবার সন্ধ্যায় মাদক মামলার এক আসামিকে ধরতে গিয়ে বিক্ষুব্ধ জনতার বাধার মুখে পড়ে পুলিশ। এক পর্যায়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে আসামি হামিদুল ইসলামকে ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় মূল অভিযুক্ত হামিদুলকে প্রধান আসামি করে ১৩ জনের নামে মামলা করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতীবান্ধা থানা পুলিশের একটি দল ভবানীপুর এলাকার মৃত জসীম উদ্দিনের ছেলে হামিদুল ইসলামকে আটক করে। পুলিশের দাবি, হামিদুলের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। আটকের পর তাকে থানায় নেওয়ার পথে হামিদুলের স্বজন ও স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের কাজে বাধা দেয়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ সদস্যরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হলেও তাদের পৌঁছানোর আগেই পরিস্থিতির অবনতি ঘটে। এক পর্যায়ে মব সৃষ্টির মাধ্যমে পুলিশের ওপর চড়াও হয়ে হামিদুলকে হ্যান্ডকাফ খুলে ছাড়িয়ে নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, মাদক সিন্ডিকেটের সদস্যরা এতটাই প্রভাবশালী, তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বা ভয় দেখিয়ে পুলিশের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল। আইনের চোখে ধুলো দিয়ে এভাবে আসামি ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার ওসি রমজান আলী বলেন, মাদক মামলার আসামি হামিদুল ইসলামকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের দায়িত্ব মব সৃষ্টি করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।