অটোরিকশা শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২০ | ০৯:১৯
সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকের দুই পক্ষের সংঘর্ষে ফজলু মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১২ জন। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ইমামবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের দুই পক্ষের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ইমামবাজারে সংঘর্ষ হয়। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওই ইউনিয়নের কালিয়ারগাঁও গ্রামের ফজলু মিয়া মারাত্মক আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহতরা হলেন- জেসমিন বেগম (২৬), নজরুল ইসলাম (৩৫), ছনর আলী (৪০),আমিনুল ইসলাম (২৮),শামীম (৩৮), শওকত আহমদ (৪০), সাইফুর রহমান (৩৫),আল আমিন (২৬),ফজল মিয়া (৫৯), নাজমা বেগম (৩৩), আব্দুল মতিন (২০), তাজুল ইসলাম (৪৫)। এ ঘটনায় আটকরা হলেন- মো. সালেক মিয়া ও ইলিয়াছ মিয়া (২৮)।
মডেল থানার ওসি আলমগীর হোসেন সংঘর্ষে এক পরিবহন শ্রমিক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।