ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফেনসিডিলসহ আটক

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফেনসিডিলসহ আটক
×

মাসুম বিল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৮ জুলাই ২০২০ | ১১:৩৮

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ ফেনসিডিলসহ সরাইল থানা পুলিশের হাতে আটক হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে এনাম নামে এক সহযোগীসহ তাকে আটক করেন সরাইল থানার এএসআই আলাউদ্দিন। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা ওই পুলিশ অফিসারকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

তবে তার আটকের বিষয়টি নিয়ে পুলিশ ব্যাপক নাটকীয়তার আশ্রয় নেয়। এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের দায়িত্বশীল কোন কর্মকর্তাই  সাংবাদিকদের ফোন ধরেন নি। এমনকি মাসুম বিল্লাহকে থানায় নিয়ে যাওয়ার পর পরই সরাইল উপজেলা পরিষদের পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যানসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা থানায় হাজির হন তাকে ছাড়িয়ে নিতে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল চান্দুরা এলাকা থেকে মোটরসাইকেল যোগে দুই যুবক ইয়াবা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছে। ঘটনাস্থলে পূর্ব থেকে অবস্থান করা এএসআই আলাউদ্দিন মোটর সাইকেলটিকে সংকেত দিলে একটু সামনে গিয়ে দাঁড়ায়। এ সময় এএসআই আলাউদ্দিন নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তাদের দেহ তল্লাশি করতে চাইলে মাসুম বিল্লাহ বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং  এক পর্যায়ে এএসআই আলাউদ্দিনকে মারধর করেন বলে  প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে ওসি ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যান। এ সময় তার কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল  এবং বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করলেও পুলিশ শুধুমাত্র ৬ বোতল ফেনসিডিলের কথা স্বাীকার করে। এএসআই আলাউদ্দিন তাকে লাঞ্ছিত করার বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন ।

এদিকে সাবেক ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে আটকের পর পুলিশ কয়েক ঘণ্টার মুখে কলুপ আটে। এ ব্যাপারে থানার ওসি থেকে শুরু করে দায়িত্বশীল কোনো কর্মকর্তাই সাংবাদিকের ফোন ধরেন নি। অবশেষে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান  ফেনসিডিলসহ মাসুম বিল্লাহর আটকের বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করে বলেছেন, তার কাছে ৬ বোতল ফেনসিডিল পাওয়া গেছে । তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে এবং পুলিশকে মারধরের ঘটনায় পৃথক দুটি মামলা হবে।

আরও পড়ুন

×