ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মার্কেটে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি 

কর্তৃপক্ষ বলছে পল্লী বিদ্যুতের গাফিলতি

মার্কেটে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি 
×

আগুন লেগে ৩০ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে বলে দাবি মার্কেট কর্তৃপক্ষের। ছবি: সমকাল

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ০৬:০৪

পাবনার সাঁথিয়ায় কাশিনাথপুর ফুলবাগান মোড়ে মঙ্গলবার খান মার্কেটে আগুন লেগে ৩০ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। মার্কেট কর্তৃপক্ষ বলছে, পল্লী বিদ্যুতের লাইনম্যানের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক সংযোগ লাইনের ত্রুটির কারণে দুপুরে মার্কেটে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফুড প্যালেস বিরিয়ানি হাউস, খান ব্যাটারি ও মান্নান স্টোরের মালপত্র পুড়ে যায়। 

স্থানীয় শিক্ষক আলউল হোসেনসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, কাশিনাথপুর ফায়ার সার্ভিস যথারীতি অদক্ষতার পরিচয় দিয়েছে। মাত্র ২ মিনিটের পথ আসতে তাদের ৩০ মিনিট সময় লেগেছে। তাদের বহন করে আনা পানিও পাঁচ মিনিটে শেষ হয়ে যায়। স্থানীয়রা আত্রাই নদী থেকে পানির ব্যবস্থা করলে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ফুড প্যালেস বিরিয়ানি হাউস ও খান ব্যাটারির মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। 

মার্কেটের মালিক শফিকুল আলম খান টিটুল বলেন, পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে আমার দুটি দোকানসহ ওপরে একটি রেস্টুরেন্ট পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক আহমেদ শাহ আল জাবের অভিযোগ অস্বীকার করে বলেন, যখন আগুন লাগে তখন গ্রিড থেকেই লাইন বন্ধ ছিল। কাজেই লাইন মেরামতের সময় দুর্ঘটনা ঘটার কথা না। গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে।

কাশিনাথপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সংযোগের ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন

×