খুলনা বিশ্ববিদ্যালয়
জুলাই গণঅভ্যুত্থান বিরোধীদের তথ্য সংগ্রহে কমিটি
খুলনা ব্যুরো
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ০৩:২৪
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) জুলাই গণঅভ্যুত্থানবিরোধী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ভূমিকা চিহ্নিত করতে কমিটি গঠন করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৩৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ সদস্যের ওই কমিটি গঠন করা হয়।
কমিটির পক্ষ থেকে উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে অভ্যুত্থান চলাকালীন তথ্য, ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র চাওয়া হয়েছে। আগামী ২৮ অক্টোবরের মধ্যে এসব তথ্য ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তরে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষার্থীরা জানান, জুলাই অভ্যুত্থানের খুলনার নেতৃত্ব দিয়েছিলেন খুবি শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে তারা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা নিগ্রহের শিকার হন। শহীদ মুগ্ধের গায়েবানা জানাজাও ক্যাম্পাসের ভেতরে পড়তে দেওয়া হয়নি। অভ্যুত্থানের পর থেকে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য একাধিকবার উপাচার্যের কাছে দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ও কমিটির সদস্য সচিব অধ্যাপক নাজমুস সাদাত জানান, অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের পক্ষ থেকে জুলাইবিরোধীদের তালিকা তৈরি এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উত্থাপন করা হয়। গত ৫ আগস্ট অভ্যুত্থানের বর্ষপূতিতে ছাত্ররা উপাচার্যের কাছে দাবিটি পুনরায় উত্থাপন করলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সম্প্রতি শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ইমদাদুল হককে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাজ শুরু করেছে। তারই অংশ হিসেবে সবার কাছে তথ্য চাওয়া হয়েছে।
- বিষয় :
- খুলনা বিশ্ববিদ্যালয়
- গণঅভ্যুত্থান
- কমিটি গঠন
