ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পোকাধরা-দুর্গন্ধযুক্ত চাল বিক্রি টিসিবির ডিলারের, ক্ষোভ

পোকাধরা-দুর্গন্ধযুক্ত চাল বিক্রি  টিসিবির ডিলারের, ক্ষোভ
×

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫ | ০৭:৩১

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে টিসিবির এক ডিলারের বিরুদ্ধে পোকাধরা ও দুর্গন্ধযুক্ত নিম্নমানের চাল বিক্রির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন টিসিবির কার্ডধারীরা। 

দাঁতমারা ইউনিয়ন পরিষদে টিসিবির কার্ড পাওয়া এক হাজার ১৩ জন সুবিধাভোগী রয়েছেন। কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা প্যাকেজ আকারে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও পাঁচ কেজি চাল কিনতে পারেন। এসব পণ্যের প্যাকেজমূল্য ৫৪০ টাকা। 
সুবিধাভোগীদের অভিযোগ, টিসিবি পণ্যের মধ্যে চিনি, ডাল ও তেলের মান মোটামুটি ভালো থাকলেও পোকাধরা ও দুর্গন্ধযুক্ত চাল বিক্রি করা হচ্ছে। গত মঙ্গল ও বুধবার দাঁতমারা ইউপির গুদামে টিসিবি ডিলার মেসার্স রহমান অ্যান্ড ব্রাদার্স খাওয়ার অনুপযোগী চাল বিক্রি করে। অনিচ্ছা সত্ত্বেও এসব চাল নিতে বাধ্য হন তারা। 

বুধবার সরেজমিন দাঁতমারা ইউনিয়নের টিসিবির পয়েন্টে গিয়ে দেখা গেছে, কার্ডধারীরা লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছেন। সয়াবিন তেল, মসুর ডাল, চিনির মান ভালো হলেও চালের মান অত্যন্ত নিম্নমানের। এ রকম চাল পেয়ে কার্ডধারীরা অসন্তোষ জানিয়ে ইউনিয়ন পরিষদ এলাকার দোকানে কম দামে বিক্রি করে দিচ্ছেন।
রহিমা বেগম নামের একজন সুবিধাভোগী বলেন, ‘আমরা গরিব মানুষ। একটু কম দামে টিসিবির মাল নিতে আসি। এখানে পচা ও দুর্গন্ধযুক্ত চাল দিচ্ছে, উপায় না পেয়ে এই চাল নিতে হচ্ছে।’
আবদুল হালিম নামের একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা সরকারের দেওয়া সুবিধার জন্য লাইনে দাঁড়াই। কিন্তু ভালো চালের বদলে নষ্ট চাল দেওয়া হচ্ছে। এটি আমাদের সঙ্গে প্রতারণা। প্রশাসন জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

মনোয়ারা বেগম নামের অপর এক সুবিধাভোগীর ভাষ্য, টিসিবি ডিলার যে চাল দিচ্ছেন, তা পচা ও দুর্গন্ধযুক্ত। মানুষ খাওয়া তো দূরের কথা, গরু-ছাগলকে খাওয়ালেও তাদের পেট খারাপ হবে। 
সুবিধাভোগীদের চাল নিয়ে অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন ডিলার মেসার্স রহমান অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী এস এস মোর্শেদুল আমিন। তবে নিম্নমানের পণ্য বিক্রিতে তাঁর কোনো দায় নেই বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, ‘উপজেলা খাদ্যগুদাম থেকে আমরা যে ধরনের চাল কিংবা পণ্য পাই, সে রকম পণ্য বিক্রি করি।’
এদিকে, খাদ্যগুদাম থেকে টিসিবির ডিলারদের নিম্নমানের চাল সরবরাহের বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা খাদ্য পরিদর্শক মো. রোমান। তিনি বলেন, ‘আমাদের গুদামে দুর্গন্ধযুক্ত ও নিম্নমানের চাল নেই। আমরা টিসিবির কোনো ডিলারকে নিম্নমানের চাল সরবরাহ করিনি।’
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম বলেন, টিসিবির ডিলারদের বিতরণ করা চাল নিয়ে অভিযোগ পেয়েছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×